নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বসিরহাট ২ নম্বর ব্লকে বড়সড় ভাঙন তৃণমূল কংগ্রেসে। কাটমানি, দুর্নীতির প্রতিবাদ এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে চইতা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসে বড়সড় ধস নামল। এলাকার প্রায় ২০০টি পরিবারের ৫০০ থেকে ৬০০ জন সদস্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) দলে যোগদান করলেন। বুধবার রাতে চইতা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি জনসভার মাধ্যমে এই দলবদল কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। 


এদিনের এই দলবদল কর্মসূচিতে উপস্থিত থেকে তৃণমূল ছেড়ে আসা পরিবারগুলোর হাতে দলীয় পতাকা তুলে দেন বিশিষ্ট আইএসএফ নেতা মুসা কারিমুল্লাহ। এলাকা জুড়ে এই ব্যাপক দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।


### কাটমানি ও অন্যায়ের বিরুদ্ধে মানুষের ক্ষোভ: মুসা কারিমুল্লাহ


বসিরহাট ২ নম্বর ব্লকের চইতা গ্রাম পঞ্চায়েত এলাকায় পরপর এই দলবদল ও রাজনৈতিক সমীকরণ পরিবর্তন নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আইএসএফ নেতা মুসা কারিমুল্লাহ তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, "চইতা গ্রাম পঞ্চায়েতে মানুষের ঢল নেমেছে। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষকে চোখ রাঙানো হয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার তথা ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। সাধারণ মানুষের হকের টাকা নিয়ে এখানে কাটমানি রাজ ও দুর্নীতি চালানো হয়েছে।"


তিনি আরও অভিযোগ করেন, "গরিব মানুষের বাথরুম তৈরির টাকা আসলে, সেখান থেকেও তিন হাজার টাকা পর্যন্ত কাটমানি খাওয়া হয়েছে। সাধারণ মানুষ এই সমস্ত অন্যায় ও অধিকার হরণের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভেতরে ভেতরে ক্ষুব্ধ ছিলেন, আজ তারই বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষ তাদের ভুল বুঝতে পেরে আজ স্বতঃস্ফূর্তভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাত শক্ত করতে এগিয়ে এসেছেন।"


### চইতা গ্রাম পঞ্চায়েতে পরিবর্তনের ডাক


মুসা কারিমুল্লাহ দাবি করেন, চইতা গ্রাম পঞ্চায়েতের ৯০ নম্বর বুথ সহ চইতা গ্রামের সিংহভাগ মানুষ, যারা এতদিন তৃণমূলের সাথে যুক্ত ছিলেন, তারা আজ একযোগে আইএসএফ-এ শামিল হয়েছেন। পুরো গ্রামটাই এখন পরিবর্তনের পক্ষে সওয়াল করছে। এই বিপুল জনসমর্থন ও মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান আগামী দিনে চইতা গ্রাম পঞ্চায়েত এলাকায় আইএসএফ-এর জয় নিশ্চিত করবে বলে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জানান। 


সব মিলিয়ে, পঞ্চায়েত স্তরে এই বড়সড় ভাঙনের ফলে বসিরহাট উত্তর বিধানসভা এলাকার অন্তর্গত বসিরহাট ২ নম্বর ব্লকের রাজনৈতিক সমীকরণ যে অনেকটাই বদলে গেল, 

তা বলাই বাহুল্য।