শুরু করছি এই মুহূর্তের বড় খবর নিয়ে। শিয়ালদহ ডিভিশনের দৈনিক রেলযাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। আগামী ৬ জুলাই, অর্থাৎ সোমবার থেকে শিয়ালদহ লাইনে একগুচ্ছ ট্রেনের রুট এবং সময়সূচিতে বড়সড় পরিবর্তন করা হচ্ছে। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার্থেই বেশ কিছু ট্রেনের রুট যেমন বাড়ানো হয়েছে, তেমনই কিছু ট্রেনের শুরুর স্টেশনও বদলে দেওয়া হয়েছে।

এক নজরে দেখে নিন মূল পরিবর্তনগুলো। প্রথমেই জানাই, ব্যারাকপুর-হাসনাবাদ লোকাল, যার নম্বর ৩৩৩১৯—এই ট্রেনটি এখন থেকে আর ব্যারাকপুর থেকে ছাড়বে না। এটি বিকেল ৫টা ২৪ মিনিটে সরাসরি দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে হাসনাবাদের উদ্দেশ্যে রওনা দেবে।

এদিকে রানাঘাট লাইনের যাত্রীদের জন্য রয়েছে বড় সুখবর। শিয়ালদহ থেকে রাত ১০টা ৮ মিনিটের ৩১৬১৩ আপ রানাঘাট লোকালটির রুট আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। ট্রেনটি এখন থেকে রানাঘাটে না থেমে সরাসরি কৃষ্ণনগর পর্যন্ত যাবে। একইভাবে, ডাউন লাইনেও ভোর ৫টা ৫৫ মিনিটের রানাঘাট-শিয়ালদহ লোকালটি এখন থেকে ভোর ৫টা ৩৪ মিনিটে সরাসরি কৃষ্ণনগর থেকেই শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে। এছাড়া রানাঘাট-শান্তিপুর-কৃষ্ণনগর লোকালের গতিপথ আমঘাটা পর্যন্ত বাড়ানো হচ্ছে।

শুধু রুট বদলই নয়, শিয়ালদহ-বারাসত রুটের যাত্রীদের জন্য চালু হচ্ছে একটি নতুন এসি লোকাল। পাশাপাশি ডায়মন্ড হারবার, ক্যানিং এবং লক্ষ্মীকান্তপুর লাইনেও একগুচ্ছ নতুন লোকাল ট্রেন যুক্ত হতে চলেছে রেলের টাইমটেবিলে। তাই সোমবার বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই ট্রেনের এই নতুন সময়সূচি মাথায় রাখুন। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন

নেটওয়ার্ক বাংলায় ধন্যবাদ ।